বাম বেষ্টনী তৈরি করে দেশব্যাপী আন্দোলন গড়ে তোলা হবে: সিপিবি সভাপতি
ঢাকা: বাম বেষ্টনী তৈরি করে দেশব্যাপী আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি উল্লেখ করেছেন সিপিবির সভাপতি মঞ্জুরুল আহসান খান। তিনি বলেন, ‘আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট, বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট ও ১/১১ জোট কারো কাছেই দেশের জনগণ নিরাপদ নয়। দেশের মানুষকে রক্ষা করতে ও বর্তমান সময়ের অচলায়তন দূর করতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির নেতৃত্বে (সিপিবি) বাম বেষ্টনী তৈরি করে দেশব্যাপী আন্দোলন গড়ে তোলা হবে।’ শনিবার সকাল এগারোটায় সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তেল-গ্যাস-বন্দর রক্ষাসহ ১১ দফা দাবিতে সিপিবি ঢাকা মহানগর কমিটি আয়োজিত এক পদযাত্রার প্রারম্ভকালে তিনি এ কথা বলেন। তিনি বলেন, ‘মহাজোট সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের কথা বলে ক্ষমতায় এলেও বাজার সাধারণ মানুষের নাগালের বাইরে। বিগত বিএনপি সরকারের তুলনায় বর্তমান অবস্থা আরও খারাপ। বর্তমান সরকার ব্যবসায়ী সিন্ডিকেটের হাতে বন্দী।’ তিনি আরও বলেন, ‘বাংলাদেশে ৫২’র ভাষা আন্দোলনের পর থেকে সিপিবির নেতৃত্ব ছাড়া কোনো আন্দোলন গড়ে ওঠেনি। আবার সময় এসেছে সিপিবির নেতৃত্বে দুর্বার আন্দোলন গড়ে তোলার।’ শেখ হাসিনার উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনি মুক্তিযুদ্ধের পতাকা ফেলে দিয়েছেন। আপনার বাবার সংবিধান ছুঁড়ে ফেলে দিয়ে জিয়া, এরশাদের পতাকা তুলে ধরেছেন।’ সংবিধানে ‘বিসমিল্লাহ’ সংযোজন এবং রাষ্ট্রধর্ম ইসলাম প্রসঙ্গে মঞ্জুরুল আহসান বলেন, ‘রাষ্ট্রের কোনো ধর্ম থাকে না। এরশাদ নিজে ধর্ম পালন না করলেও নিজেকে ধর্মপ্রাণ প্রমাণ করার জন্য সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলাম সংযোজন করেছে। অন্যদিকে মেজর জিয়া, যার নীতি হচ্ছে দমন-পীড়ন, নিজেকে মুসলমান বলে জাহির করার জন্য সংবিধানে বিসমিল্লাহ সংযোজন করেছিলেন। সিপিবি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে পদযাত্রা শুরু হয়ে দৈনিক বাংলা মোড়, গুলিস্তান, বাহাদুর শাহ পার্ক, চকবাজার, লালবাগ, আজিমপুর মোড় হয়ে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে পদযাত্রা শেষ হবে। সিপিবি ঢাকা মহানগর কমিটি সভাপতি আব্দুল কাদেরের সভাপতিত্বে আরো এসময় উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য হায়দার আকবর খান রনো, কেন্দ্রী নেতা রুহিস হোসেন প্রিন্স, সিপিবি ঢাকা কমিটির সাধারণ সম্পাদক আহসান হাবিব লাবলু প্রমুখ।