চারদলের লিয়াজোঁ কমিটি হচ্ছে

ঢাকা, ৮ ডিসেম্বর: চারদলীয় জোটের বৈঠকে শনিবারের মধ্যে লিয়াজোঁ কমিটি গঠনের জন্য নাম দেয়ার সিদ্ধান্ত হয়েছে। মহাসচিবদের নেতৃত্বে প্রতি দল থেকে তিন জন করে সদস্য নিয়ে শিগগিরই এই কমিটি গঠন করা হবে।
আগামীতে এই কমিটির মাধ্যমে আন্দোলন কর্মসূচি পরিচালিত হবে। এছাড়া চট্টগ্রাম অভিমুখে রোডমার্চ, জেলায় জেলায় লিয়াজোঁ কমিটি, সিটি করপোরেশন বিভক্তির প্রতিবাদে জোটগতভাবে আন্দোলন কর্মসূচি, বৃহত্তর জেলাগুলোতে জোটগত সমাবেশ নিয়ে আলোচনা হয়েছে বৈঠকে।
বৃহস্পতিবার রাতে গুলশানের কার্যালয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সভাপতিত্বে চারদলীয় জোটের নেতাদের সঙ্গে বৈঠকে এসব সিদ্ধান্ত নেয়া হয়।
বৈঠক শেষে খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মদ ইসহাক ও ঢাকা মহানগর জামায়াতে ইসলামীর সেক্রেটারি হামিদুর রহমান আযাদ এমপি সাংবাদিকদের এসব কথা জানান।
এলডিপিকে চারদলীয় জোটে অন্তর্ভুক্তির ব্যাপারে বৈঠকে কোনো আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে আযাদ বলেন, “শুধু এলডিপি নয় জোটে অন্তর্ভুক্তির জন্য আরো দল আছে। সবাইকে নিয়েই চিন্তাভাবনা চলছে।”
মাওলানা ইসহাক বলেন, “মহাসচিবের নেতৃত্বে প্রতি দল থেকে তিন জন করে লিয়াজোঁ কমিটি গঠন করা হবে। শনিবারের মধ্যেই নাম দিতে বলেছেন খালেদা জিয়া।”
চারদলীয় জোটের গত বৈঠকেও লিয়াজোঁ কমিটি গঠনে সিদ্ধান্ত ছিল এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “আগে সিদ্ধান্ত হলেও তা করা হয়নি। এবার দ্রুত কমিটি করা হবে। এছাড়া জেলায় জেলায়ও লিয়াজোঁ কমিটি গঠন করা হবে।”
হামিদুর রহমান আযাদ জানান, আগামী জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে চট্টগ্রাম বিভাগে দুই দিনের রোডমার্চ করার সিদ্ধান্ত হলেও চূড়ান্ত তারিখ নির্ধারণ হয়নি।
এর আগে রাত ৯টায় গুলশান কার্যালয়ে বেগম খালেদা জিয়ার সভাপতিত্বে বৈঠকে জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি জেনারেল অধ্যাপক মজিবুর রহমান, ঢাকা মহানগর সেক্রেটারি এ এইচ এম হামিদুর রহমান আযাদ এমপি, খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মদ ইসহাক, মহাসচিব আহমদ আবদুল কাদের, ইসলামী ঐক্যজোটের মহাসচিব আবদুল লতিফ নেজামী, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) মহাসচিব শামীম আল মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।
রাত নয়টা থেকে সাড়ে দশটা পর্যন্ত বৈঠক চলে।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৈঠকে উপস্থিত ছিলেন। বিজেপি’র চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এমপি ঢাকার বাইরে থাকায় বৈঠকে উপস্থিত ছিলেন না।
গত ১২ সেপ্টেম্বর চারদলের নেতাদের শেষ বৈঠক হয়েছিল।